ছবি: সিসিক
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ক্রিকেটে সিলেটের ঐতিহ্য রয়েছে। জাতীয় দলের অনেক খেলোয়াড় সিলেটের মাটি থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। তবে সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী সিলেট থেকে খেলোয়াড় উঠে আসছে না। ভালো খেলোয়াড় খুঁজে বের করতে তৃণমূল পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেট বিভাগে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে ক্রিকেট ট্যালেন্ট হান্টের মতো উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো ক্রিকেটের প্রতি বিশেষ নজর দিলে ভালো খেলোয়াড় বের করে আনা সম্ভব হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ক্রিকেট অন্য অনেক খেলার তুলনায় কিছুটা ভিন্ন। এখানে নিয়মিত অনুশীলন, ধারাবাহিকতা এবং মানসম্মত কোচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিলেটের জন্য ভালো কোচিং স্টাফ দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কোচিং স্টাফরা এসে খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দেবেন।
তিনি আরও বলেন, সিলেটে ক্রিকেটের উন্নয়নে আমাদের কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। যে মাঠে আজকের খেলা অনুষ্ঠিত হয়েছে, এটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠ। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ব্যবহৃত মাঠটি নিয়মিত অনুশীলনের কাজে ব্যবহার করা সম্ভব নয়। তাই সিলেটে একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করা আমাদের অন্যতম অগ্রাধিকার।
বিসিবি পরিচালক বলেন, প্র্যাকটিস গ্রাউন্ড তৈরির বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে কাজ করা হচ্ছে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছেও একটি প্রকল্প প্রস্তাব দেওয়া হচ্ছে। এ বিষয়ে ডিপিপি তৈরির কাজও শিগগিরই শুরু হবে। আমরা চাই, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে সিলেট থেকে আরও ভালো ক্রিকেটার উঠে আসুক এবং জাতীয় পর্যায়ে সিলেটের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হোক।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ আরমান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ইমতিয়াজ হোসেন তান্না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন, মোহাম্মদ জাহেদ, আহমদ জুলকারনাইন, মঞ্জুর আহমদ চৌধুরী, সাবেক ক্রিকেটার ও সংগঠক মোস্তফা কামাল পাশা মওদুদ, আলী ওয়াসিকুজ্জামান অনি, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইউসুফ কবির তুহিন, সম্পাদক ছালেহ আহমদ শাহিন, এইচ ইউ দীপু, টাইটেল স্পন্সর মাহার প্রতিনিধি আব্দুল কাদির, কো-স্পন্সর ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধি সৈয়দ সামিত সোয়াদ, আনোয়ার হোসেন মানিক প্রমুখ।
টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়ন এবং শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব রানারআপ হয়েছে।পুরস্কারের মধ্যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পারভেজ নির্বাচিত হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ।সেরা বোলার হয়েছেন স্টার্স ইউনাইটেড ক্লাবের মামুন; তিনি ২৬টি উইকেট নিয়েছেন। সেরা ব্যাটসম্যান হয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দুলন, তাঁর সংগ্রহ ৩৭৩ রান।
প্লেয়ার অব দ্য লীগ নির্বাচিত হয়েছেন ইয়ং ভিক্টর ক্লাবের মাসুম; তিনি ৩৩৮ রান করার পাশাপাশি ১০টি উইকেট নিয়েছেন। আর উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্টার্স ইউনাইটেড ক্লাবের সায়েম, যিনি ২৭৪ রান করেছেন।