প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২১ (রবিবার)
সিলেটে অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া এলাকায় নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) ও তার চার বছর বয়সী মেয়ে হৃদি দাশ। স্থানীয় সূত্রে জানা গেছে, চম্পা রাণী অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যার দিকে ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবরটি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় জমান এবং পুলিশে খবর দেন।

বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একজন অন্তঃসত্ত্বা নারী কেন এমন পথ বেছে নিলেন, তা এখনো অস্পষ্ট। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করেছি।'

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরপরই পরিদর্শক (তদন্ত) মো. সুজন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয়, তা ময়নাতদন্তের রিপোর্ট ও প্রাথমিক তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।