প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪০ (মঙ্গলবার)
সিলেটে ঘর থেকে চিকিৎসকের ঝুলন্ত লা/শ উদ্ধার

সিলেট নগরীতে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক ছিলেন।

নিহতের বোন জামাই জানান, তার স্ত্রী সিলেটের পপুলার মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত। তারা আজকেই মির্জাজাঙ্গাল এলাকার ওই বাসাটিতে ভাড়া ওঠেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চিকিৎসককে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, নিহত চিকিৎসকের বোনও গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের ধারণা মানসিক সমস্যা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। ফলে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।