প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩২ (মঙ্গলবার)
সিলেটে পাঁচভাই-বেঙ্গল লাউঞ্জে নোংরা পরিবেশ: জরিমানা

সিলেট নগরে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুইটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাঁচ ভাই, বেঙ্গল লাউঞ্জ, পানসী ও রাজবাড়ি রেস্টুরেন্টের রান্নাঘর, ফ্রিজ, সংরক্ষণ ব্যবস্থা ও নিবন্ধন সংক্রান্ত বিষয় যাচাই করা হয়।

অভিযানকালে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টে নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটি থেকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অন্যদিকে, পানসী রেস্টুরেন্টে তেমন কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে রাজবাড়ি রেস্টুরেন্টের নিবন্ধন সংক্রান্ত জটিলতা সামনে আসে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় দুই বছর আগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হলেও এখনো নিবন্ধন সনদ পাওয়া যায়নি।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আহমেদ লুনা জানান, নিবন্ধন সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রদান করা হয়। কাগজপত্রে কোনো ঘাটতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে তিনি আরও বলেন, এসব রেস্টুরেন্টের খাবারের মূল্য তাদের কাছে অস্বাভাবিক মনে হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরের খাবারের মান, রান্নাঘরের পরিবেশ, সংরক্ষণ ব্যবস্থা ও প্রয়োজনীয় নিবন্ধন নিয়মিত তদারকির আওতায় রাখা হবে।