ছবি: লামিন ইয়ামাল।
বর্তমান বিশ্ব ফুটবলের এক বিস্ময়কর নাম লামিন ইয়ামাল। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা হোক কিংবা জাতীয় দল স্পেন—উভয় জার্সিতেই এই তরুণ তুর্কি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।
সদ্য সমাপ্ত ইউরো কাপে স্পেনকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ইয়ামাল নতুন মৌসুমেও বার্সেলোনার হয়ে উড়ন্ত সূচনা করেছেন। তবে মাঠের এই তারকা ফুটবলারের সাফল্যের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে তার শৈশবের বন্ধুত্ব ও শেকড়ের টান।
ইয়ামালের ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠজনদের তালিকায় বাবা মুনির নাসরাউই, মা শেইলা এবানা এবং প্রেমিকা ইনেস গার্সিয়ার পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ নাম তার শৈশবের বন্ধু সোহাইব।
সম্প্রতি স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘তার্দে এআরকে’-তে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইয়ামালকে নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন সোহাইব। উপস্থাপক আনা রোসা কুইন্তানার মুখোমুখি হয়ে তিনি জানান, ইয়ামাল তার কাছে বন্ধুর চেয়েও বেশি, ঠিক ভাইয়ের মতো।
সোহাইব স্মৃতিচারণ করে বলেন, রোকাফোন্ডার একটি পার্কে মাত্র ছয় বছর বয়সে তাদের বন্ধুত্বের শুরু। সেই ছোট্টবেলা থেকেই ইয়ামালের পায়ে ফুটবলের যে জাদুকরী ছন্দ ছিল, তা দেখে সোহাইব বরাবরই তাকে বলতেন যে তিনি একদিন বিশ্বের সেরা ফুটবলার হবেন। তবে সোহাইবের পরামর্শ ছিল, এই বিশ্বাসটা ইয়ামালকে নিজের ভেতর ধারণ করতে হবে। আজ সাফল্যের শিখরে পৌঁছেও ইয়ামালের স্বভাব ও আচরণে কোনো পরিবর্তন আসেনি বলে নিশ্চিত করেন এই বন্ধু।
ইয়ামালের প্রতিটি গোলের পর দুই হাত দিয়ে ‘৩০৪’ চিহ্ন তৈরির বিশেষ উদযাপনটি এখন ফুটবল বিশ্বে বেশ পরিচিত। গোল ডটকমের তথ্য অনুযায়ী, এই সংখ্যাটি আসলে ইয়ামালের শেকড়ের পরিচয় বহন করে। তার শৈশবের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্ডার পোস্টাল কোডের (০৮৩০৪) শেষ তিনটি সংখ্যা থেকেই এই উদযাপনের উৎপত্তি। খ্যাতির মোহর ছাপিয়ে নিজের এলাকা ও শৈশবকে হৃদয়ে আগলে রাখার এই অনন্য প্রয়াস ইয়ামালকে ফুটবল ভক্তদের কাছে আরও প্রিয় করে তুলেছে।