ছবি: গৌহাটি হাইকোর্ট।
ভারত থেকে বাংলাদেশি এক নারীকে অবৈধভাবে ‘পুশব্যাক’ করার ঘটনায় নজিরবিহীন এক রায় দিয়েছেন গৌহাটি হাইকোর্ট। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে মুমতাজ বেগম নামের ওই নারীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দায়ে আসাম রাজ্য সরকারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ভারতে এই প্রথম কোনো নাগরিককে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের দায়ে কোনো রাজ্য সরকারকে আদালত খরচ বা ক্ষতিপূরণ দিতে বলা হলো।
মুমতাজ বেগমের পরিবার গৌহাটি হাইকোর্টে ‘হেবিয়াস কর্পাস’ মামলা দায়ের করার পর প্রকাশ্যে আসে যে, তাকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মামলার গুরুত্ব বিবেচনায় আদালত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এতে পক্ষভুক্ত করেছেন।
আদালত স্পষ্ট জানিয়েছেন, ওই নারীকে বাংলাদেশে খুঁজে বের করে পুনরায় ভারতে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে জোর প্রচেষ্টা চালাতে নির্দেশ দেওয়া হবে।
এই ঘটনায় আসামের নগাঁও ফরেনার্স ট্রাইব্যুনালের কর্মকাণ্ডে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে উচ্চ আদালত। বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি চলাকালীন পর্যবেক্ষণ দেন যে, ফরেনার্স ট্রাইব্যুনালের গৃহীত পদক্ষেপগুলো নথিপত্র অনুযায়ী বিদ্বেষপ্রসূত এবং আইনের অপপ্রয়োগের এক নগ্ন বহিঃপ্রকাশ।
এই রায় সীমান্ত নীতি ও মানবাধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।