প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০২ (মঙ্গলবার)
নিউ মেক্সিকোর নাম পাল্টে ‘নিউ আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করার শখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো। সেই তালিকায় এবার যুক্ত হলো যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য নিউ মেক্সিকো। ট্রাম্পের ইচ্ছা, অঙ্গরাজ্যটির বর্তমান নাম পরিবর্তন করে রাখা হোক ‘নিউ আমেরিকা’। তবে ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত প্রস্তাবটি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প তার এই নতুন ভাবনার কথা জানান। তিনি লেখেন, অনেকেই তাকে নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার পরামর্শ দিয়েছেন। এই নামটিকে তিনি অঙ্গরাজ্যটির বাসিন্দাদের জন্য মর্যাদাপূর্ণ ও সুন্দর বলে অভিহিত করেছেন।

তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, কোনো গবেষণালব্ধ প্রস্তাব নয়, বরং ইন্টারনেটভিত্তিক একটি মজার প্রচারণা বা ‘হোক্স’ থেকে এই ধারণাটি পেয়েছেন ট্রাম্প।

এদিকে ট্রাম্পের এমন প্রস্তাবের বিপরীতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নাম পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না।

গভর্নর বলেন, খোদ যুক্তরাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠার আগে থেকেই এই অঞ্চলটি ‘নিউ মেক্সিকো’ নামে পরিচিত। তিনি অভিযোগ করেন, জ্বালানির মূল্যবৃদ্ধি ও জনজীবনের সংকট থেকে সাধারণ মানুষের মনোযোগ সরাতেই ট্রাম্প এমন অবান্তর ইস্যু সামনে আনছেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের ‘নাম পরিবর্তন’ অভিযানের ইতিহাস বেশ দীর্ঘ। এর আগে তিনি মেক্সিকো উপসাগরকে ‘গালফ অব আমেরিকা’ এবং কানাডার অন্টারিও হ্রদকে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন। এমনকি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীর নাম পাল্টে নিজের নামে ‘ট্রাম্প স্ট্রেইট’ করার কথাও বলেছিলেন তিনি।

এবার নিউ মেক্সিকোকে ঘিরে তার এই প্রস্তাব মার্কিন রাজনীতিতে নতুন করে হাস্যরস ও বিতর্কের সৃষ্টি করেছে।