প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৫ (মঙ্গলবার)
সিলেটসহ সারাদেশে উপজেলা নির্বাচনের আচরণ বিধিমালা জারি

ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই গেজেট প্রকাশ করা হয়। নতুন এই বিধিমালায় প্রচার-প্রচারণা থেকে শুরু করে ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের ক্ষেত্রেও আনা হয়েছে বৈপ্লবিক পরিবর্তন, যার মূল লক্ষ্য একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা।

নতুন আচরণবিধির সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো পোস্টারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এখন থেকে কোনো প্রার্থী বা তার সমর্থকরা দেয়াল, গাছ, বিদ্যুতের খুঁটি কিংবা সরকারি কোনো স্থাপনায় পোস্টার লাগাতে পারবেন না।

এছাড়া নির্বাচনী প্রচারণায় সব ধরনের শোডাউন, মিছিল এবং হেলিকপ্টারের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ট্রাক, বাস, মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহনে করে শোভাযাত্রা করাও এখন দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

তবে প্রার্থীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে প্রার্থীকে কোন কোন মাধ্যম ব্যবহার করা হবে, তা আগেই রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে এবং ডিজিটাল প্রচারণার খরচ প্রার্থীর মোট নির্বাচনী ব্যয়ের সাথে যুক্ত হবে।

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে এবারই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। এআই ব্যবহার করে কোনো ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ বা ব্যক্তিগত আক্রমণাত্মক কন্টেন্ট তৈরি ও প্রচার করা যাবে না।

নিয়ম লঙ্ঘনের দায়ে প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের এই কঠোর অবস্থান মাঠ পর্যায়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।