প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৩ (মঙ্গলবার)
সুনামগঞ্জে যুবকের অর্ধগলিত ম/র/দে/হ উদ্ধার

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের একটি নির্জন বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাবুল মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তবে দীর্ঘ দিন ধরে তিনি সপরিবারে জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের চানপুর গ্রামে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামিনিপুর গ্রামের নতুন আগলা বাড়ির ওই ঘরটি কিছুটা নির্জন স্থানে হওয়ায় সেখানে লোকজনের যাতায়াত কম ছিল। সোমবার দুপুরের দিকে ঘরটি থেকে উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসীর ধারণা, দুই-তিন দিন আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী চলে যাওয়ায় অভিমানে বাবুল মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বাবুলের স্ত্রী কয়েক দিন আগে রাগ করে বাড়ি থেকে চলে যান। নির্জন বাড়ি হওয়ায় তার মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেনি। মরদেহটি অন্তত দু-তিন দিন আগের হতে পারে বলে তিনি ধারণা করছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না কি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।