প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১১ (মঙ্গলবার)
প্রধানমন্ত্রীর প্রতিদিনের দুপুরের খাবারের ভিডিওটি ফেক: রিউমর স্ক্যানার

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিদিনের দুপুরের খাবারের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সম্পূর্ণ ফেক ও বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরবেলা ১০০ টাকার খাবার খান’- এমন বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তারেক রহমানের সামনে বিভিন্ন ধরনের খাবার সাজানো অবস্থায় দেখা যায়। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড পেজসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটি প্রচার করে তার প্রতিদিনের দুপুরের খাবারের দৃশ্য বলে দাবি করা হয়।

তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। তাদের দাবি, ভিডিওটি তারেক রহমানের প্রতিদিনের খাবারের দৃশ্য নয়। বরং গত ২১ জানুয়ারি সিলেটে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় স্থানীয় ঐতিহ্য ও রীতি অনুযায়ী তাকে দেওয়া ‘সাগরআনা’ আপ্যায়নের দৃশ্য এটি।

রিউমর স্ক্যানার জানায়, ২২ জানুয়ারি ‘ভয়েজ অব সিলেট’-এর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও এবং ২৫ জানুয়ারি ‘বাংলা ভিশন’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের ফুটেজের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটির মিল পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

এ ছাড়া ২১ জানুয়ারি প্রকাশিত জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমান সিলেটে শ্বশুরবাড়িতে যাওয়ার পর তার আগমন উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছিল। ওই আয়োজনে প্রায় ১২ হাজার মানুষের জন্য ৫০ জন বাবুর্চি মিলে আটটি গরু ও ৩৪ বস্তা চাল দিয়ে ৪০ ডেগ আখনি রান্না করা হয়।

রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, সিলেটের জামাই হিসেবে তারেক রহমানকে দেওয়া ঐতিহ্যবাহী ‘সাগরআনা’ আপ্যায়নের ব্যক্তিগত মুহূর্তের ভিডিওকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে তার প্রতিদিনের দুপুরের খাবারের দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে।

ফলে ভিডিওটি তারেক রহমানের প্রতিদিনের দুপুরের খাবারের দৃশ্য- এমন দাবি সত্য নয়। রিউমর স্ক্যানারের যাচাই অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিটি ফেক, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক।