সিলেট মহানগরীতে ‘সন্ন্যাসী’ সেজে আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত গ্রেফতার এড়াতে পারেননি শীর্ষ ছিনতাইকারী রাজীব ওরফে ‘মাছচোরা রাজীব’। তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শহিদুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের সিআরটি বিশেষ দলের ইনচার্জ উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে যৌথ এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেফতার রাজীব কোতোয়ালী মডেল থানার একটি পুলিশ এসল্ট মামলার প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইন, দস্যুতা ও বিশেষ ক্ষমতা আইনসহ পাঁচটির বেশি গুরুতর মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন রাজীব। গ্রেফতারের আগ মুহূর্তেও তিনি ‘সন্ন্যাসী’ সেজে অবস্থান করছিলেন। তবে পুলিশের নজরদারি এড়াতে পারেননি তিনি।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরীকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।