প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৯ (মঙ্গলবার)
বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কু/পি/য়ে হ/ত্যা

নওগাঁর মহাদেবপুর উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা আনুমানিক ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায়, নিহতের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা সোনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এটি পূর্বশত্রুতা নাকি পরিকল্পিত ছিনতাই, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।