প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২০ (বৃহস্পতিবার)
সিলেটে অস্বাস্থ্যকর দুই বেকারিকে পৌনে ৩ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিম বিসিক শিল্প এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রাণ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ময়মনসিংহ এগ্রো লিমিটেড এবং রায়নগর এলাকার নিউ মর্ডান সুরমা বেকারিতে ভয়াবহ অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

বিকেল ৫টায় শুরু হওয়া অভিযানে বিসিক শিল্প এলাকায় অবস্থিত ময়মনসিংহ এগ্রো লিমিটেডে স্বাস্থ্যঝুঁকি তৈরির নানা অসংগতি শনাক্ত করা হয়। সেখানে দেখা যায়, খাদ্যপণ্যে ফুড গ্রেড ব্রাশের পরিবর্তে সাধারণ পেইন্টিং ব্রাশ ব্যবহার করা হচ্ছে এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত ধাতব যন্ত্রপাতিগুলো ছিল মরিচা ধরা। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশের দায়ে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে রায়নগর এলাকার নিউ মর্ডান সুরমা বেকারিতে অভিযান চালিয়ে বিস্ময়কর সব অনিয়মের চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। বেকারির পরিবেশ ছিল চরম নোংরা, ব্যবহৃত প্লেট ও যন্ত্রাংশে ছিল ময়লা ও মরিচার স্তর। এমনকি খাদ্য তৈরিতে পচা ও ভাঙা ডিমের ব্যবহার এবং ঢাকনাবিহীন ডাস্টবিনের পাশেই খোলা খাবার রাখার প্রমাণ মেলে।

ভয়াবহ বিষয় হলো, আজকের তৈরি খাবারে দুই দিন পরের উৎপাদন তারিখ বসিয়ে বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল তারা। এসব অপরাধে বেকারিটিকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, 'নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।'

উক্ত অভিযানে সিলেট মহানগর পুলিশ ও নিরাপদ খাদ্য অধিদপ্তর জেলা প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করে।