ছবি: সংগৃহীত
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন থেকে স্টেডিয়াম দুটির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাফুফে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর এনএসসি ভবনে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়।
চুক্তিতে বাফুফের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এনএসসির পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।
চুক্তি অনুযায়ী, স্টেডিয়াম দুটির সার্বিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করবে বাফুফে। তবে ভেন্যু দুটি শুধু ফুটবলের জন্য নির্ধারিত থাকবে না। এনএসসির অনুমতি নিয়ে অন্যান্য ক্রীড়া ফেডারেশনও সেখানে বিভিন্ন আয়োজন করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে নতুনভাবে পথচলা শুরু হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা জিরো থেকে শুরু করেছি। জাতীয় স্টেডিয়াম থেকে শুরু করে কমলাপুর স্টেডিয়াম বা সিলেটসহ সারা দেশের স্টেডিয়ামগুলোতে যাতে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা যায়, সেই দিকে নজর দিচ্ছি আমরা।’
বাফুফের ব্যবস্থাপনায় যাওয়ার ফলে দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ সংকট কাটিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি অন্যান্য ক্রীড়া ফেডারেশনও এনএসসির অনুমতি নিয়ে ভেন্যুটি ব্যবহার করতে পারবে।