প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩ (বৃহস্পতিবার)
সুনামগঞ্জে ৮৩৩০ মিটার রিং জাল জব্দ

ছবি: ইমজা নিউজ

দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিষিদ্ধ রিং জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে চারজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৪৯টি রিং জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৩৩০ মিটার ও আনুমানিক মূল্য ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সদরপুর এলাকার নাইন্দা নদী ও সাংহাই হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।

অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় মামলা করা হয়। মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা নিষিদ্ধ রিং জাল সদরপুর ব্রিজের পশ্চিম পাশে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, হাওর ও নদ-নদীর মৎস্যসম্পদ এবং দেশীয় ছোট মাছ সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।