প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০১ (বৃহস্পতিবার)
সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, নাচন সদস্য সচিব

ছবি: সংগৃহীত

সিলেট জেলা ক্রীড়া সংস্থার গতিশীলতা ফিরিয়ে আনতে ৭ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এতে সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক এবং জেলা দলের সাবেক কৃতি খেলোয়াড় রেজাউল করিম নাচনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন (এনডিসি) স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ এর ২(১৫) ধারার ক্ষমতাবলে এবং ২(৪) ও ৮ ধারা অনুযায়ী সংস্থার চেয়ারম্যানের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

৭ সদস্যের এই নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। সদস্য সচিব হিসেবে সিলেটের মাঠ পর্যায়ের পরিচিত মুখ ও সাবেক ফুটবলার রেজাউল করিম নাচনকে মনোনীত করা হয়েছে।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ে সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ মকসুদ আহমদ।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই অ্যাডহক কমিটির মাধ্যমে সিলেটের ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং স্থবির হয়ে পড়া সাংগঠনিক কার্যক্রম পুনরায় সক্রিয় হবে। দ্রুততম সময়ের মধ্যে এই কমিটি তাদের দায়িত্ব বুঝে নিয়ে জেলার ক্রীড়া উন্নয়নে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।