প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৩ (সোমবার)
কিশোরীকে শিকল পরিয়ে নির্যাতনকারী ৩ জন আটক

ছবি: সংগৃহীত

সিলেটে চুরির অভিযোগে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় হাঁটানোর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের এখন পর্যন্ত ৩ জনকে আটক করেছে শাহপরাণ থানা পুলিশ।

এসমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম ইমজা নিউজকে জানান, এই ঘটনাটিকে পুলিশ গুরুত্বের সাথে নিয়ে নির্যাতনকারীদের চিহ্নিত করার কাজ করছে। ইতিমধ্যে ৩ জনকে আটক করে শাহপরাণ থানায় নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্য সহযোগিদের আটক করার ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কোমরে শিকল বাঁধা অবস্থায় এক কিশোরীকে টেনে নিয়ে যাচ্ছেন এক যুবক। এ সময় কিশোরীকে কাঁদতে দেখা যায়। অসহায়ভাবে কাঁদতে থাকা ওই কিশোরীর দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানবিকতা ও আইনশৃঙ্খলা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

গত সোমবার রাত ৭টার দিকে সিলেট নগরীর উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা ওই কিশোরীকে আটক করেন। অভিযোগের পর তাকে মারধর করা হয় এবং কোমরে শিকল বেঁধে মধ্যরাতে সড়কে হাঁটানো হয়।

খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে চুরির অভিযোগের ঘটনায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

শিকল বেঁধে নির্যাতন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, যারা ওই কিশোরীকে এভাবে শিকল পরিয়ে নির্যাতন করেছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে চুরির অভিযোগ সত্য কি না, সেটি তদন্ত ও আইনি প্রক্রিয়ার বিষয়। কোনো অভিযোগের ভিত্তিতে একজন কিশোরীকে শিকল পরানো, মারধর করা কিংবা প্রকাশ্যে অপমান-হয়রানি করার অধিকার কারও নেই বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী সুদিপ্ত অর্জুন। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন ঘটনা কেবল একজন শিশুর মানবিক মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, সমাজে ভয়াবহ বার্তাও দেয়।