২০২৬ বিশ্বকাপে নাটকীয় হারের কয়েক মাস না পেরোতেই আবারও ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে জাপান। নভেম্বরে সিঙ্গাপুরে বসতে যাওয়া চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’-এ মুখোমুখি হবে দল দুটি।
ব্রাজিল ও জাপানের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেবে প্যারাগুয়ে ও স্বাগতিক সিঙ্গাপুর। ১৩ থেকে ১৭ নভেম্বর ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
১৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে জাপান। ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ পর্বেও মুখোমুখি হয়েছিল দুই দল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত সেই ম্যাচে ২-১ গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলেই নাটকীয় জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের সেই পরাজয়ের স্মৃতি এখনো জাপানের জন্য তাজা। ফলে সিঙ্গাপুরে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচ হলেও জাপানের কাছে তা হয়ে উঠতে পারে বিশ্বকাপের হারের জবাব দেওয়ার বড় সুযোগ।
১৩ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে স্বাগতিক সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে। পরদিনই মাঠে গড়াবে ব্রাজিল-জাপান লড়াই। ১৭ নভেম্বর টুর্নামেন্টের শেষ দিনে হবে আরও দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সিঙ্গাপুর এবং দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে প্যারাগুয়ে।
বিশ্বকাপ-পরবর্তী ব্যস্ত সূচির অংশ হিসেবেই টুর্নামেন্টটিতে অংশ নেবে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে হওয়ার কথা ম্যাচ দুটি।
এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ব্রাজিলের। সেই ধারাবাহিকতায় নভেম্বরে সিঙ্গাপুরে আবারও জাপানের সামনে পড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের নাটকীয় লড়াইয়ের পর অল্প সময়ের ব্যবধানে আবারও মুখোমুখি হওয়ায় ব্রাজিল-জাপান ম্যাচটি ঘিরে এরই মধ্যে বাড়ছে আগ্রহ। বিশেষ করে হিউস্টনের সেই ২-১ গোলের ম্যাচের পর সিঙ্গাপুরে জাপান ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটিই হতে পারে লড়াইয়ের অন্যতম আকর্ষণ।