প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৭ (বৃহস্পতিবার)
দুর্নীতি মামলার পর এবার হত্যা মামলায় গ্রেফতার সাবেক ভিসি কলিমুল্লাহ

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দেখানোর শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, নাজমুল আহসান কলিমুল্লাহর কোনো রাজনৈতিক পদ নেই। তিনি একজন অধ্যাপক এবং আওয়ামী লীগ সরকারের সময়ও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। সেই বিষয়কে কেন্দ্র করেই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি দাবি করেন, কলিমুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।

এ সময় আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি বলেন, ছাত্রজীবন থেকে শিক্ষকতা জীবন পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং এখনো নেই। উপাচার্য থাকাকালে তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

কলিমুল্লাহ আরও বলেন, তিনি উপাচার্য থাকাকালে জুলাই আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী আবু সাঈদ তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। আবু সাঈদ হত্যার প্রতিবাদেও তিনি কথা বলেছেন। তিনি নিজেকে একজন শিক্ষক হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি একজন শিক্ষক, এর বাইরে আর কিছু নই।’

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে ২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

গত ১৪ জুন উচ্চ আদালত থেকে জামিন পান কলিমুল্লাহ। পরে এক লাখ টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিননামা দাখিলের অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির। অন্য কোনো মামলা না থাকায় তিনি কারামুক্তির অপেক্ষায় ছিলেন।

তবে গত ৩০ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ফলে তার মুক্তি আটকে যায়। পরে সম্প্রতি ওই মামলায়ও তিনি জামিন পান।

এর মধ্যে গত ৭ সেপ্টেম্বর তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন কাফরুল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার ও বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। ওইদিন রাত ৮টার দিকে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনা ঘটে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তরিকুল ইসলাম রুবেল মারা যান। পরে এ ঘটনায় কাফরুল থানায় হত্যা মামলা করা হয়।