প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৯ (বৃহস্পতিবার)
ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে হরমোজগান প্রদেশের সিরিক, মিনাব ও কেশম দ্বীপ এলাকায় সাগরের দিক থেকে এসব শব্দ শোনা যায় বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের নিক্ষেপ করা প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, শব্দগুলো সমুদ্রের দিক থেকেই এসেছে।

তবে কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দ সমুদ্র থেকে এসেছে, নাকি দ্বীপের ভেতরে কোনো ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

এর আগের দিন বুধবারও হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জাস্ক এলাকায় সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছিল ফার্স। আইআরএনএ-ও বুধবার সন্ধ্যায় হরমুজ প্রণালি থেকে বিস্ফোরণের খবর দেয়।

জাস্ক কাউন্টিতে থাকা আইআরএনএর প্রতিবেদকের বরাত দিয়ে সংস্থাটি জানায়, বিস্ফোরণের আগে জলপথে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়।

সর্বশেষ ঘটনাগুলোতে সিরিক এলাকা আবারও আলোচনায় এসেছে। এর আগে সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের সময়ও এলাকাটি হামলার শিকার হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সে সময় জানিয়েছিল, মার্কিন বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, নৌসম্পদ, মাইন স্থাপনাসংক্রান্ত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ছিল।

ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই সময় সিরিক, বান্দার আব্বাস, আহভাজ ও আগাজরিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ঘটনাগুলোর প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।