ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম ও শায়খে কাতিয়া হজরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা এবং ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেট নগরীর আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দ্বীনি অঙ্গনে দীর্ঘ কর্মময় জীবনের পাশাপাশি অসংখ্য ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সম্প্রতি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা মুকাররমায় অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই সপ্তাহ আগে দেশে ফিরে সিলেটে চিকিৎসাধীন ছিলেন। বুধবার গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত আল-হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ ছিলেন শায়খে কাতিয়া হজরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা। পিতার ইন্তেকালের পর তাঁর জানাজার ইমামতিও করেন তিনি। পরে পিতার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিমের দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ইলম, শিক্ষা ও দ্বীনি খেদমতে নিজেকে নিয়োজিত রাখেন।
শায়খে কাতিয়া হজরত মাওলানা আমিন উদ্দীন (রহ.) ছিলেন সিলেট অঞ্চলের একজন প্রভাবশালী বুজুর্গ আলেম। তিনি শায়খুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী (রহ.)-এর ছাত্র ও মুরিদ এবং শায়েখ ডা. আলী আছগর নূরী চৌধুরী (রহ.)-এর খলিফা ছিলেন। পিতার ইলমি ও আধ্যাত্মিক উত্তরাধিকার ধারণ করে হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ দীর্ঘদিন কাতিয়া মাদরাসার শিক্ষা ও দ্বীনি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্বজন, ছাত্র ও পরিচিতজনদের কাছে তিনি ছিলেন শান্ত, বিনয়ী ও কোমল স্বভাবের মানুষ। তাঁর আচরণে ছিল সরলতা ও আন্তরিকতা। ছাত্রদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল স্নেহ ও মমতায় পূর্ণ। নীরবে দ্বীনি খেদমত করে যাওয়া এই আলেম প্রচার-প্রদর্শনের চেয়ে দায়িত্ব, মাদরাসা ও ছাত্রদের নিয়েই বেশি ব্যস্ত থাকতেন।
তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে সিলেট ও সুনামগঞ্জের দ্বীনি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। কাতিয়া মাদরাসা হারায় তার দীর্ঘদিনের অভিভাবক ও একজন গুরুত্বপূর্ণ উত্তরসূরিকে। একই সঙ্গে শায়খে কাতিয়া (রহ.)-এর ইলমি ও আধ্যাত্মিক ধারার একজন নিবেদিত উত্তরসূরিরও মৃত্যু হলো।
হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা ইমদাদুল্লাহ দীর্ঘদিন ইলম, শিক্ষা ও দ্বীনি খেদমতের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেট ও সুনামগঞ্জের দ্বীনি অঙ্গন একজন প্রবীণ আলেম ও মাদরাসা ব্যক্তিত্বকে হারাল। পাশাপাশি কাতিয়া মাদরাসা হারিয়েছে শায়খে কাতিয়া (রহ.)-এর ইলমি ও আধ্যাত্মিক ঐতিহ্যের একজন গুরুত্বপূর্ণ উত্তরসূরিকে।
শোকবার্তায় সিসিক প্রশাসক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।