প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩২ (বৃহস্পতিবার)
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে বৃহস্পতিবার এ রায় দিয়েছেন হাই কোর্ট বিভাগ।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর বলেন, এনবিআরের কর দাবিকে চ্যালেঞ্জ করে তারা হাই কোর্টে রিট করেছিলেন। আদালত সেই রুল খারিজ করে দেওয়ায় এনবিআরের দাবিই বহাল থাকল।

তবে হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে গ্রামীণ কল্যাণ। আইনজীবী খাজা তানভীর বলেন, বিষয়টি নিয়ে মক্কেলের সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কত দিনের মধ্যে ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে, তা এখনো স্পষ্ট নয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অর্থ পরিশোধের সময়সীমা জানা যাবে বলে জানান গ্রামীণ কল্যাণের আইনজীবী।

এনবিআরের ওই কর দাবির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ২০১৭ সালে হাই কোর্টে রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সেই রিটের ওপর রায় দিলেন আদালত।