প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৮ (শুক্রবার)
উপকারভোগীর মাঝে আইডিয়ার সাপোর্ট চেক হস্তান্তর

ছবি: ইমজা নিউজ

মুসলিম চ্যারিটির যাকাত ফান্ডের আর্থিক সহযোগিতায় ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া)-এর উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট নগরীর উপশহরে অবস্থিত আইডিয়ার প্রধান কার্যালয়ে ‘লাইভলিহুড ডেভেলপমেন্ট অব ভালনারেবল পিপল থ্রু ইনকাম জেনারেশন’ প্রকল্পের আওতায় এ চেক হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রকল্পটি সিলেট সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় চলমান ব্যবসা সম্প্রসারণের জন্য ৯ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ১৫ জন উপকারভোগীকে দুই কিস্তিতে মোট ৮ লাখ টাকা কনডিশনাল সীডমানি সাপোর্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথম কিস্তির অর্থের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক উপস্থিত উপকারভোগীদের হাতে চেক তুলে দেন।

আইডিয়া সূত্রে জানা যায়, ‘লাইভলিহুড ডেভেলপমেন্ট অব ভালনারেবল পিপল থ্রু ইনকাম জেনারেশন’ প্রকল্পটি কমিউনিটিভিত্তিক একটি আয়বর্ধক উদ্যোগ। প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের চলমান ব্যবসা সম্প্রসারণে শর্তসাপেক্ষে প্রয়োজনীয় পুঁজি বা সীডমানি সহায়তা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পরিবারগুলোর আয় বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করছে মুসলিম চ্যারিটি এবং কৌশলগত পরিচালনা ও বাস্তবায়নে কাজ করছে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া)। মুসলিম চ্যারিটির যাকাত ফান্ডের অধীনে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর পারিবারিক আয় বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর দারিদ্র্য বিমোচন (লক্ষ্য-১) ও শোভন কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (লক্ষ্য-৮) অর্জনেও প্রকল্পটি ভূমিকা রাখবে।