ছবি: সিসিক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরকালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগরভবন প্রাঙ্গণে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাৎকালে সিসিক প্রশাসক রাষ্ট্রপতির ১৫ সেপ্টেম্বরের সিলেট সফরের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে নেওয়া প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়েও আলোচনা করেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর সফরকে কেন্দ্র করে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে।
সিসিক সূত্রে জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।