প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪০ (শুক্রবার)
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে বাণিজ্যমন্ত্রী

ছবি: খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের দায়িত্ব বাড়িয়েছে সরকার। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয়-বিভাগসহ যেসব মন্ত্রণালয় ও বিভাগে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সম্পাদন করবেন।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যক্রম পরিচালনায় এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।