প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০১ (শুক্রবার)
জীবনসঙ্গী বাছাইয়ের আগে নিজেকে ৩ প্রশ্ন করার পরামর্শ ভাগ্যশ্রীর

ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্কে আবেগ ও আকর্ষণ গুরুত্বপূর্ণ হলেও জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে শুধু রোম্যান্টিক অনুভূতির ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বিয়ের আগে একজন মানুষকে বোঝার জন্য তিনটি বিষয় ভেবে দেখার কথা বলেছেন।

প্রথমত, সুখের সময়ের পাশাপাশি কঠিন পরিস্থিতিতে ওই মানুষটির আচরণ কেমন, তা খেয়াল করতে বলেছেন ভাগ্যশ্রী। রাগ, হতাশা কিংবা মতবিরোধের সময় তিনি কীভাবে পরিস্থিতি সামলান, ভুল হলে তা স্বীকার করেন কি না এবং মতের অমিল হলে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন কি না; এসব বিষয় গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়ত, শুধু পছন্দ বা শখের মিল নয়, দুজনের মৌলিক মূল্যবোধের মিল আছে কি না, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন। অর্থনৈতিক সিদ্ধান্ত, পরিবারকে গুরুত্ব দেওয়া, সন্তান নেওয়া, সন্তান পালনের দৃষ্টিভঙ্গি, কর্মজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনার মতো বিষয়ে দুজনের চিন্তাভাবনা কতটা কাছাকাছি, তা বিয়ের আগে বোঝা জরুরি।

তৃতীয়ত, মানুষটি একা থাকলে কেমন আচরণ করেন, সেটিও দেখার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। অন্যদের সামনে ভালো ব্যবহার করা সহজ হলেও একাকিত্ব, ব্যর্থতা বা হতাশার সময় একজন মানুষ নিজের আবেগ কীভাবে নিয়ন্ত্রণ করেন, তা তাঁর মানসিক পরিণতিকে প্রকাশ করে।

ভাগ্যশ্রীর এই পরামর্শের মূল কথা হলো-জীবনসঙ্গী নির্বাচনে শুধু ভালোবাসার অনুভূতি নয়, মানুষের আচরণ, মূল্যবোধ ও মানসিক পরিণতিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।