প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৩ (শুক্রবার)
২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে স্পেন-মরক্কোর টানাটানি

মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতিকে নিয়ে ফুটবলারদের উচ্ছাস ছবি: সংগৃহীত

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, তা নিয়ে আয়োজক স্পেন ও মরক্কোর মধ্যে শুরু হয়েছে টানাটানি। মরক্কো ফাইনাল আয়োজন করতে চায় কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান ২ স্টেডিয়ামে। অন্যদিকে স্পেনের দাবি, ফাইনাল আয়োজনের ক্ষেত্রে তাদেরই যোগ্যতা বেশি।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির এক মুখপাত্র স্পেনের সংবাদ সংস্থা ইএফইকে জানিয়েছেন, উপযুক্ত সময়ে ফাইনালের ভেন্যু ঘোষণা করা হবে।

মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লাকজা সম্প্রতি বলেছেন, বিশ্বকাপের ফাইনাল হবে বেনস্লিমান শহরের হাসান ২ স্টেডিয়ামে। নির্মাণাধীন স্টেডিয়ামটির ধারণক্ষমতা প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক এবং ২০২৭ সালের শেষ দিকে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান দাবি করেছেন, ফাইনাল স্পেনেই হওয়া উচিত। দেশটির সম্ভাব্য ভেন্যুর মধ্যে রয়েছে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার সংস্কারাধীন ক্যাম্প ন্যু।

ফাইনালের ভেন্যু নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে ইউরোপীয় ফুটবলে চাপও বাড়ছে। ইনফান্তিনোর প্রতি মরক্কোসহ কয়েকটি আরব দেশের ফেডারেশনের সমর্থন রয়েছে। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছিল, নির্বাচনে সমর্থনের বিনিময়ে মরক্কোকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে ফিফা এই অভিযোগ অস্বীকার করেছে।

স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে। তবে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ-ফাইনালটি কোন দেশে হবে, সে সিদ্ধান্তের জন্য এখনো অপেক্ষা করতে হবে।