ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে একসঙ্গে পাঁচটি বিষধর মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। ঘরের সিঁড়ির নিচে একসঙ্গে এতগুলো বিষধর সাপের উপস্থিতি টের পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে মুজাহিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে। বাড়িটির মালিক জাপানপ্রবাসী মুজাহিদ আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সিঁড়ির নিচে পরিবারের সদস্যরা কয়েকটি সাপ দেখতে পান। পরে আরও খোঁজ নিয়ে সেখানে একাধিক সাপের বাচ্চার উপস্থিতি নিশ্চিত হলে আতঙ্কিত হয়ে পড়েন তারা।
সাপ উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান না পেয়ে পরে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হয়।
খবর পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সিঁড়ির নিচ থেকে সতর্কতার সঙ্গে একে একে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, মনোক্লেড কোবরা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। বসতঘরের সিঁড়ির নিচে একসঙ্গে পাঁচটি কোবরা বাচ্চা পাওয়ায় ধারণা করা হচ্ছে, আশপাশে তাদের মা সাপেরও অবস্থান থাকতে পারে। ফলে বাড়ির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।