প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৯ (শুক্রবার)
সব স্কুল-কলেজে ১৫টি খেলা ও ২১টি সহশিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ

ছবি: সংগৃহীত

দেশের সব স্কুল-কলেজে ১৫ ধরনের খেলাধুলা এবং ২১ ধরনের সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাউশির উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম অ্যাকাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব।

এ লক্ষ্যে মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা অ্যাকাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে সুবিধাজনক সময়ে এসব কার্যক্রম পরিচালনা করবেন।

নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

মাউশি জানিয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সৃজনশীলতা, নেতৃত্ব, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বিকাশে এসব কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে।