প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৯ (শুক্রবার)
বিশ্বনাথে ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ নেতা!

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে ঘরে ঢুকে আবদুল মজিদ বকুল নামে এক ছাত্রদল নেতাকে পিটিয়েছে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ এক নেতা। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি।

স্থানীয় সূত্র জানায়, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করে পোস্ট দেন। এসব পোস্টের মন্তব্যের ঘরে আবদুল মজিদ বকুল পাল্টা জবাব দেন। এ নিয়ে বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় শামীম আহমদ বকুলের বাসায় গিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ।

পরে আহত অবস্থায় বকুলকে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র আরও জানায়, বকুলকে মারধরের পর শামীম আহমদ বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাকে ধরার চেষ্টা করলে শামীম সেখান থেকে পালিয়ে যান।

এদিকে, এ ঘটনার পর হাবিবুর রহমান হাবিবকে পুলিশ আটক করেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ‘এরকম একটি ঘটনা আমরা শুনেছি। তবে শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি।’