ছবি: সংগৃহীত
অনলাইন জুয়ায় হেরে প্রায় তিন লাখ টাকা ঋণ করেছিলেন মো. আরিফুর রহমান (২৯)। সেই ঋণ পরিশোধে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তিনি। নিজের অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে গেলেও শেষ পর্যন্ত র্যাবের অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন আরিফুর।
আরিফুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শান্তা এলাকার বাসিন্দা। রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ফুটপাতে দোকান করতেন তিনি।
র্যাব জানায়, গত বুধবার সন্ধ্যায় দোকানে এক বন্ধুকে রেখে বিকাশে টাকা ক্যাশ আউট করার কথা বলে বের হন আরিফুর। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বন্ধ ছিল তার মুঠোফোনও।
পরদিন বৃহস্পতিবার সকালে আরিফুরের নম্বর থেকে তার ভাইয়ের কাছে ফোন যায়। ফোনে জানানো হয়, আরিফুরকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার পর আরিফুরের বন্ধু আসাফ-উদ-দৌলা রাজধানীর ভাটারা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার তদন্তে র্যাব-৭ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফুরের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুর র্যাবকে জানান, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়া খেলতে গিয়ে তার প্রায় তিন লাখ টাকা ঋণ হয়। ঋণের চাপ থেকে মুক্তি পেতে পরিবারের কাছ থেকে কৌশলে টাকা আদায়ের পরিকল্পনা করেন তিনি। সেই পরিকল্পনার অংশ হিসেবে আত্মগোপনে গিয়ে নিজের অপহরণের নাটক সাজান।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আরিফুরকে উদ্ধারের পর সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, উদ্ধার হওয়া যুবককে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।