প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৭ (শনিবার)
সিলেটে হামে ১৬০ জনের মৃত্যু, বাড়ছে ডেঙ্গুও

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। নতুন করে আক্রান্ত শনাক্ত না হলেও গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন। একই সময়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে।

বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত মোট ১ হাজার ৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মৌলভীবাজারে ১৫৮ এবং হবিগঞ্জে ১৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিম তাহসিন নিজাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হাম সন্দেহে মৃতদের মধ্যে সিলেট জেলায় ৬৫, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২২ এবং মৌলভীবাজারে ১৪ জন রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৯৯ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৪ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৯ জন ভর্তি রয়েছেন।

অন্যদিকে, হামের পাশাপাশি সিলেট বিভাগে ডেঙ্গু পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠছে।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জনে। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১১৫ জন, সুনামগঞ্জে ৫৯, সিলেটে ৪৯ এবং মৌলভীবাজারে ২৭ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলার ১১ জন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত ডেঙ্গুতে সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

একদিকে হামের ব্যাপক সংক্রমণ ও হাসপাতালে রোগীর চাপ, অন্যদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি- দুই রোগের একসঙ্গে বিস্তারে সিলেট বিভাগের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।