প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৮ (রবিবার)
চা বাগান থেকে পাইপগান ও গুলি উদ্ধার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজনগর চা বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া গ্রামের পানাইপুঞ্জি রোড সংলগ্ন চা বাগানে অভিযান চালায় র‍্যাব-৯-এর একটি চৌকস দল। তল্লাশিকালে বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি কালো পলিথিন ব্যাগে মোড়ানো একটি পাইপগান ও চায়না রাইফেলের গুলি পাওয়া যায়।

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর সাথে জড়িতদের শনাক্ত করতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।