ছবি: সংগৃহীত
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনো ধরনের হরতাল বা ধর্মঘট ডাকাকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করেছেন হাইকোর্ট বিভাগ। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি আহ্বান করলে সংশ্লিষ্ট বাস মালিক ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আদালত বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় ও নির্দেশনা দেশের সব কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক। রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকলেও তা অমান্য করে হরতাল বা ধর্মঘট ডাকা বেআইনি।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরসেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মামলার সূত্রে জানা যায়, ২০১১ সালের আগস্টে মানিকগঞ্জের ঘিওরে বাসের সঙ্গে সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক ও সম্প্রচার ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় করা মামলায় বাসচালককে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি সাজা দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ওই রায়ের প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা ধর্মঘট ও হরতাল পালন করেন।
এরপর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করলে ২০১৭ সালের ১ মার্চ হাইকোর্ট ধর্মঘট প্রত্যাহার এবং যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেন। পরে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত ওই রুল যথাযথ ঘোষণা করে চূড়ান্ত রায় দেন। রায়ে স্বরাষ্ট্র সচিব, বিআরটিএ ও বিআরটিসিকে আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।