প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৯ (মঙ্গলবার)
জিন্নাহর ছবি ভাঙার পর ডাকসুতে টাঙানো হলো গোলাম আজমের ছবি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে সেখানে গোলাম আজমকে জুতাপেটার একটি ছবি টাঙিয়েছেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী সংগ্রহশালায় গিয়ে ছবিটি টাঙান।

পরে সংগ্রহশালায় গিয়ে দেখা যায়, যে স্থানে জিন্নাহর ছবি প্রদর্শন করা হয়েছিল, ঠিক সেই স্থানের ওপরে ১৯৮১ সালে বায়তুল মোকাররম এলাকায় গোলাম আজমকে জুতাপেটার একটি ছবি লাগানো হয়েছে।

এর আগে রোববার ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত ঐতিহাসিক সংগ্রহশালার সংস্কারকাজ শেষে পুনরায় উদ্বোধন করা হয়। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সংগ্রহশালাটি উদ্বোধন করেন। এ সময় ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ উপস্থিত ছিলেন।

সংগ্রহশালায় ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্য দেওয়ার সময়কার মুহাম্মদ আলী জিন্নাহর একটি একক ছবি প্রদর্শন করা হয়। পাশাপাশি ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের একটি দলীয় ছবি এবং ১৯৭০ সালের নির্বাচনসংক্রান্ত জিন্নাহর ছবি-সম্বলিত পাকিস্তানের ডন পত্রিকার একটি সংবাদও সেখানে রাখা হয়।

এ নিয়ে বিতর্কের মধ্যে সোমবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী সংগ্রহশালায় প্রবেশ করে জিন্নাহর ছবিটি খুলে ফেলেন। পরে ছবিটি মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলেন তিনি।

ওই শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী। দীর্ঘ বিরতির পর তিনি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান বলে জানা গেছে। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে তিনি চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে ভিপি পদে প্রার্থী হন এবং সবচেয়ে বয়স্ক ভিপি প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।