প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২৯ (মঙ্গলবার)
সিলেটে জামায়াতের সেই এমপি প্রার্থী এখন ঢাকার মেয়র নির্বাচনে

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটি ঢাকার দুই সিটিতে তাদের মেয়র প্রার্থীদের নাম প্রকাশ করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মেয়র প্রার্থী হয়েছেন জামায়াতের ঢাকা মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী করা হয়েছে ডাকসু’র সাবেক ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)কে।

মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। তিনি এর আগে জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে তিনি পরাজিত হন।

সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন পান ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট। ৮ হাজার ৩৪৮ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। ওই আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৯ হাজার ৯৩ জন।

সিলেট-৬ আসনটি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসনে বিএনপি একাধিকবার শক্ত অবস্থান তৈরি করলেও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া দলটি আর আসনটি জয় করতে পারেনি।