সিলেট সফরে আসা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা দেওয়ার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার বিকেলে নগর ভবনে আয়োজিত এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে সিলেটের ঐতিহ্যবাহী নানা স্মারক ও উপহার তুলে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ফার্স্ট লেডির জন্য সিলেটের বিখ্যাত মণিপুরী শাড়ি।
সিসিক সূত্রে জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানে সিটি করপোরেশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, চা পাতার বিশেষ প্যাকেট ও একটি সুদৃশ্য চা গাছের রেপ্লিকা উপহার হিসেবে প্রদান করা হবে। এছাড়া রাষ্ট্রপতির সহধর্মিণীর (ফার্স্ট লেডি) জন্য উপহার হিসেবে রাখা হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী শাড়ি। এসব উপহারের মাধ্যমে সিলেটের কৃষ্টি ও লোকঐতিহ্য রাষ্ট্রপতির সামনে তুলে ধরা হবে।
বিকেলের এই সংবর্ধনা সভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, নাগরিক সংবর্ধনার সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এবং আয়োজনের অংশ হিসেবে সিলেটের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করা হয়েছে। তিনি জানান, অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট নাগরিক সমাজের সাতজন প্রতিনিধি বক্তব্য রাখবেন। এছাড়া সিলেটের দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী এবং কয়েকজন সংসদ সদস্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গও অংশ নেবেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সরকারি সফরে সিলেটে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে সিটি করপোরেশন আয়োজিত এই নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।