সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ থানায় পুলিশ মামলাটি রেকর্ড করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উপজেলা সদরের পল্লীশ্রী বাজারসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে পুরো উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতে তানভীর আহমদ নামে এক কর্মীকে আটক করে পুলিশ। পরে জকিগঞ্জ থানার উপপরিদর্শক সুজন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ও তার ভাই আজহার চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বর্তমান সরকারকে অস্থিতিশীল ও ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। আটক তানভীর আহমদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এজাহারভুক্ত অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে।