সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতে মো. সরোয়ারের কম্পিউটার দোকানের টিনের চালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ষাঁড়টির মালিক দিরাই পৌরসভার বাগবাড়ি এলাকার বাসিন্দা আবুল বশর। প্রাণীটি সাধারণত বাড়ির আশপাশে অবাধে ঘুরে বেড়ায়।
মঙ্গলবার বিকেলে ষাঁড়টি পথ হারিয়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ের বিপরীত পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে। একপর্যায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে পাশের টিনশেড দোকানের চালে চলে যায়। পরে নিচে নামার পথ না পেয়ে সেখানে আটকা পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে তাদের সহযোগিতায় কাঠ ও বাঁশের সাহায্যে ষাঁড়টিকে অক্ষত অবস্থায় নিচে নামানো হয়।
এদিকে, টিনের চালে দাঁড়িয়ে থাকা ষাঁড়টির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই বিস্ময় ও কৌতূহল প্রকাশ করছেন।
ষাঁড়টির মালিক আবুল বশর বলেন, কীভাবে এটি দোকানের চালে উঠেছে তা তিনি নিশ্চিত নন। ধারণা করা হচ্ছে, পাশের বাড়ির সিঁড়ি ব্যবহার করেই এটি ছাদে উঠে পরে দোকানের চালে গিয়ে আটকা পড়ে।