প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪২ (বৃহস্পতিবার)
আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর ওসিকে প্রত্যাহার

রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ডিএমপির সদরদপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ককটেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা গেছে।