প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৪ (বৃহস্পতিবার)
স্বাস্থ্যকেন্দ্রের গেটে ঝুলছে তালা: কাঁটাতার ভেঙ্গে ভেতরে ঢুকে হতবাক এমপি

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ অবস্থায় কেন্দ্রটি পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, প্রধান ফটকসহ পুরো স্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ। কিছুক্ষণ অপেক্ষার পর কাঁটাতারের বেড়া সরিয়ে এবং তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন।

ভেতরে গিয়ে কোনো চিকিৎসক বা মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সেখানে বসে গল্প-আড্ডায় ব্যস্ত থাকতে দেখা যায় বলে অভিযোগ করেন সংসদ সদস্য।

পরিদর্শন শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পর এক পাশের দেয়াল টপকে এবং কাঁটাতারের বেড়া সরিয়ে তিনি ভেতরে প্রবেশ করতে বাধ্য হন। তার ভাষায়, “গেট দেখে মনে হয়েছে বহু বছর ধরে তালা দেওয়া। ভেতরে কোনো চিকিৎসক নেই, মেডিকেল অফিসারও নেই। কয়েকজন কর্মচারী শুধু বসে আড্ডা দিচ্ছেন।”

তিনি আরও বলেন, গাজীপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় স্থানীয়দের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়া অত্যন্ত জরুরি।

এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মহাপরিচালকের সঙ্গে কথা বলেছেন বলেও জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি কেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ছিল না—এ বিষয়ে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন বলেন, ভুলবশত চাবি বাড়িতে রেখে এসেছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, স্বাস্থ্যকেন্দ্রের পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কোনো কর্মকর্তা কর্মরত নেই। কয়েকজন মাঠকর্মী নিয়মিত মাঠে যাওয়ার আগে এখানে মিটিং করেন। এমপি হঠাৎ পরিদর্শনে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।