প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৭ (শুক্রবার)
দাখিল পরীক্ষায় দায়িত্বে গাফিলতি, সিলেটের ১৪ জনসহ ১৪০ শিক্ষককে অব্যাহতি

ছবি: সংগৃহীত

২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তরপত্রের ওএমআর শিটের ‘টপ পরশন’ অবিচ্ছিন্ন অবস্থায় বোর্ডে পাঠানোর ঘটনায় সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার ১৪০ শিক্ষককে শাস্তি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। শাস্তিপ্রাপ্তদের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাটের এক মাদ্রাসার ১৪ জন শিক্ষক রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের উত্তরপত্রের ওএমআর-এর ‘টপ পরশন’ অবিচ্ছিন্ন অবস্থায় বোর্ডে পাঠানো হয়। এতে উত্তরপত্রের গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে, যা পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী।

এ ঘটনায় কক্ষ প্রত্যবেক্ষক, পরীক্ষা পরিচালনা উপকমিটির সদস্য এবং কেন্দ্রসচিবদের দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি উল্লেখ করেছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অনিয়মের কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সংযুক্ত তালিকায় থাকা কেন্দ্রসচিব, পরীক্ষা পরিচালনা উপকমিটির সদস্য ও কক্ষ প্রত্যবেক্ষকদের ২০২৭ সাল পর্যন্ত কেন্দ্র ও বোর্ডের পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শাস্তিপ্রাপ্ত ১৪০ জনের মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন কেন্দ্রের শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন। বোর্ডের বিজ্ঞপ্তির সঙ্গে প্রকাশিত তালিকায় শাস্তিপ্রাপ্তদের নাম, পদবি ও সংশ্লিষ্ট কেন্দ্রের তথ্য উল্লেখ করা হয়েছে।

শাস্তি পাওয়া শিক্ষকদের পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো।