প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫৩ (শুক্রবার)
মাঠে গড়াচ্ছে স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ, ফিক্সচার ড্র অনুষ্ঠিত

ছবি: ইমজা নিউজ

বাংলাদেশ ভলিবল ফেডারেশন (বিভিএফ) ও বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের (বিএসএসএ) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাকক্ষে ম্যানেজারস মিটিং ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন সাদ্দাম এবং বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রবিউল আলম উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণে সম্মতি দেওয়া বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা ম্যানেজারস মিটিংয়ে অংশ নেন। পরে তাদের উপস্থিতিতে লটারির মাধ্যমে প্রতিযোগিতার ফিক্সচার নির্ধারণ করা হয়।

আয়োজকেরা ইমজা নিউজ জানান, স্কুল পর্যায়ে ভলিবলের প্রসার ও শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন সাদ্দাম বলেন, ‘স্কুল পর্যায় থেকেই ভলিবলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজন নয়, বরং এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করা।

তিনি বলেন,“ ‘ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ’ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বাংলাদেশ ভলিবল ফেডারেশন সর্বাত্মক সহযোগিতা করবে।”

আগামী ২০ সেপ্টেম্বর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকার পুরানা পল্টনে অবস্থিত শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।