ছবি: সংগৃহীত
টরন্টোর ওয়ার্ড ২০ (স্কারবরো সাউথওয়েস্ট) সিটি কাউন্সিলর প্রার্থী রেজা মোহাম্মদ আলীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে আয়োজিত এ সভায় প্রার্থীর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় ডেনফোর্থ রোডের স্পাইসি গ্রিল রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত উদ্বোধনী সভায় বাংলাদেশি, ভারতীয়, শ্রীলঙ্কান, পাকিস্তানি, নেপালি ও আফগানসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রেজা মোহাম্মদ আলী তার দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, স্কারবরো সাউথওয়েস্ট তার কাছে শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি তার ঘর ও পরিবার। সামাজিক কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
রেজা বলেন, কোনো সরকারি পদ বা জনপ্রতিনিধির দায়িত্বে না থেকেও যেভাবে মানুষের পাশে থাকার সুযোগ পেয়েছেন, কাউন্সিলর নির্বাচিত হলে একইভাবে ওয়ার্ডের মানুষের জন্য কাজ করতে চান। এলাকার নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থানের সুযোগ, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বহুসাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করার বিষয়গুলোকে তিনি তার লক্ষ্য হিসেবে তুলে ধরেন।
সভায় বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দও বক্তব্য দেন। তারা রেজা মোহাম্মদ আলীর সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং স্থানীয় মানুষের বিভিন্ন প্রয়োজনে তার সম্পৃক্ততার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, রেজা জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন সমস্যায় পাশে থাকার চেষ্টা করেছেন। কাউন্সিলর নির্বাচিত হলে স্থানীয় মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়গুলো সিটি কাউন্সিলে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে তারা মনে করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে রেজা মোহাম্মদ আলীর পক্ষে কাজ করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান।
পরে পরিচিতি ও নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।