ছবি: সংগৃহীত
সিলেট নগরীর চৌকিদিকি এলাকার ব্রিটানিয়া সুইমিং পুলে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম দীপাঞ্জন ঘোষ। তিনি শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহত দীপাঞ্জন ঘোষ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটছিলেন দীপাঞ্জন। একপর্যায়ে সবার অজান্তে তিনি সুইমিং পুলের প্রায় ৯ ফুট গভীর অংশে চলে যান। সেখানে তিনি পানিতে ডুবে যান।
পরে রফিক মিয়া নামে সুইমিং পুলের এক কর্মী বিষয়টি দেখতে পেয়ে ইনস্ট্রাক্টর আমিরুল ইসলামকে জানান। এরপর তারা দ্রুত পানিতে নেমে দীপাঞ্জনকে উদ্ধার করে ওপরে তুলে আনেন।
উদ্ধারের পর দীপাঞ্জন বমি করতে থাকলে তাকে দ্রুত নগরীর দরগাহ গেট এলাকার নূরজাহান হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।
নূরজাহান হাসপাতালের চিকিৎসক ডা. নাসিম হোসেন ইমজা নিউজকে বলেন, সন্ধ্যার দিকে দীপাঞ্জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।
ঘটনার বিষয়ে সিলেট বিমানবন্দর থানার ওসি শহিদুর রহমান দিপাঞ্জন ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের টিম নুরজাহান ক্লিনিকে অবস্থান করছেন। পরে বিস্তারিত জানাবেন।