প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৫ (বৃহস্পতিবার)
ইউএনও অফিসে ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তার কক্ষে ঢুকতে যেখানে অনুমতির প্রয়োজন হয়, সেখানে উল্টো দরজায় লেখা- ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’

সরকারি দপ্তরের কর্মকর্তাদের কার্যালয় কিংবা অফিসকক্ষে প্রবেশ করতে সাধারণত নানা নিয়ম-কড়াকড়ির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। অনেক ক্ষেত্রেই কর্মকর্তার সঙ্গে দেখা করতে আগে নিতে হয় অনুমতি। তবে এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। নিজের কার্যালয়ে সাধারণ মানুষকে ‘বিনা অনুমতিতে’ প্রবেশের আহ্বান জানিয়ে আলোচনায় এসেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনওর কার্যালয়ের দরজায় লাগানো একটি ব্যানারের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ভাইরাল হয়। ছবিটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় একটি ব্যানার টানানো হয়েছে। সেখানে বড় অক্ষরে লেখা- ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। তার নিচেই রয়েছে ছোট করে লেখা- ‘ধাক্কা দিন’।

তবে বুধবার ছবিটি ভাইরাল হলেও ব্যানারটি সেদিন লাগানো হয়নি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগেই ব্যানারটি কার্যালয়ের দরজায় লাগানো হয়েছিল।

স্থানীয়দের অনেকেই ইউএনওর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, সরকারি কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে যে অযথা সংকোচ বা দ্বিধা কাজ করে, এমন উদ্যোগ সেই দূরত্ব কমাতে ভূমিকা রাখতে পারে।

বুধবার বিকেলে ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘জনগণের সেবা করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব।’

ব্যানারটি লাগানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, স্বাভাবিকভাবেই বিষয়টি দেখার ভাবনা থেকেই ব্যানারটি লাগিয়েছেন। তবে এটি রাতারাতি এতটা ভাইরাল হয়ে যাবে, তা তিনি বুঝতে পারেননি।

ইউএনও বলেন, ‘আসলে জনগণের সেবা করাই একজন সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব।’

সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ সহজ করা এবং সেবাপ্রত্যাশীদের সংকোচ দূর করার বার্তা হিসেবেই ব্যানারটিকে দেখছেন স্থানীয়রা।