ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে পরিবেশ বিধ্বংসী অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে বালু তোলায় ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন ও একটি পরিবহনকারী নৌকা ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে আইন অমান্য করে পরগণা বাজার এলাকায় বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালায় প্রশাসন। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ৮টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ভেঙে অকেজো করে দেওয়া হয় এবং বালু পরিবহনে ব্যবহৃত একটি বড় স্টিলবডি নৌকা ডুবিয়ে জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন জানান, ইজারাবহির্ভূত এলাকা এবং পরিবেশগতভাবে সংকটাপন্ন স্থান থেকে বালু উত্তোলন করা দেশের আইনে গুরুতর দণ্ডনীয় অপরাধ। এই অবৈধ কার্যক্রমের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে।
তিনি আরও স্পষ্ট করেন যে, জনস্বার্থে এবং সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। আগামীতে এই ধরনের অভিযান আরও জোরালো ও নিয়মিতভাবে পরিচালনা করার প্রতিশ্রুতি দেন তিনি।
অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করে।