প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০১ (বৃহস্পতিবার)
পুলিশ সদস্যকে হ/ত্যাচেষ্টা: সিলেটে গ্রে/ফ/তার মোর্শেদ

পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯) ও এসআরবি-৭ এর যৌথ অভিযানে ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর রাত প্রায় ১০টা ২০ মিনিটে সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তি মোর্শেদ (২৫)। তার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী মো. ওসমান গণি (৩২) ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাসকারী একজন পুলিশ সদস্য। গত ২৩ জুলাই রাতে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার শরীরে অস্ত্রোপচার করে একাধিক সেলাই দিতে হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ঢাকার মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে নেমে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে।

পরে এসআরবি-৯ ও এসআরবি-৭ এর যৌথ দল সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।