প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০২ (বৃহস্পতিবার)
সিলেট সীমান্তে ধরা পড়লো ৩৫ লাখ টাকার মালামাল

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ ৪০ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, বিছনাকান্দি, সোনালীচেলা, পান্থুমাই, দমদমিয়া ও প্রতাপপুর সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিরা, গরু, প্রসাধনী সামগ্রী, চকলেট, সুপারি, শনপাপড়ী, বিড়ি, গরুর মাংস এবং বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, তৈরি পোশাক ও নৌকা আটক করা হয়।

বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার রাখা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।