২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের মেধাতালিকায় সিলেট শিক্ষা বোর্ডের বিভিন্ন কলেজে ৪৭ হাজার ৮৮১ জন শিক্ষার্থী আসন পেয়েছেন। এ ধাপে আবেদন করেছিল ৪৮ হাজার ৩৩৬ জন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফল প্রকাশের পর সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। রাত ৮টায় সারাদেশের মতো সিলেটেও একযোগে ফল প্রকাশ করা হয়।
বোর্ড সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে পেরেছে।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
নিশ্চয়ন সম্পন্নের পর আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে এবং ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
এ বছর সিলেট শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণিতে আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কম। বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন, বিপরীতে ৩৪৮টি কলেজে আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৬০টি।
বোর্ডের তথ্য অনুযায়ী, এসব আসনের মধ্যে মানবিক বিভাগে ৭৬ হাজার ৮৫৫টি, বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৪৯৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮ হাজার ৫০৫টি আসন রয়েছে।